ফাইল ছবি, আপন দেশ
পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন দেশের বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অনুমোদিত হয়েছে তাদের বৈশাখী ভাতার বিল। রোববার (১২ এপ্রিল) থেকে এ অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হতে পারে।
শনিবার (১১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে জানা গেছে, বৈশাখী ভাতার বিল এরইমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ‘আইবাস++’ সিস্টেমে জমা দেয়া হয়েছে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদনের পর তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এরপর বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট বণ্টনকারী ব্যাংকগুলোর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে।
আরও পড়ুন<<>>‘ফ্যামিলি কার্ড বিতরণে দল-ধর্ম বিবেচনা করা হবে না’
নাম প্রকাশ না করার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে রোববার বিকেলের মধ্যেই অনেক শিক্ষক-কর্মচারী তাদের মোবাইলে ভাতার মেসেজ পেতে শুরু করবেন। কোনো কারণে বিলম্ব হলে সোমবার থেকে অবশ্যই টাকা পাওয়া যাবে।
এবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ টাকার বেশি বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য ১২৯ কোটি ২৬ লাখ এবং কলেজের জন্য ৫২ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































