ছবি: আপন দেশ
বাগেরহাটে হজরত খানজাহানের (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনার সময় উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। তবে অসহায় প্রাণীটিকে বাঁচাতে কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নজরে এসেছে। তিনি এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাগেরহাটের এ ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার কথা বলেন।
তিনি বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা
প্রতিমন্ত্রীর নির্দেশনার পরপরই বাগেরহাট জেলা প্রশাসন উদ্যোগ নেয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে কমিটির প্রধান করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী কমিশনার (ভূমি) এম শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ-উল-হাসান।
এদিকে কুমিরের পানিতে জীবন্ত কুকুর ফেলে দেয়ার অভিযোগ নিয়েও আলোচনা চলছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































