Apan Desh | আপন দেশ

ইবিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা-রক্তদান ক্যাম্পেইন

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৭, ১৯ আগস্ট ২০২৬

ইবিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা-রক্তদান ক্যাম্পেইন

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং রক্তদান ক্যাম্পেইন হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে চর্মরোগ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্য পরীক্ষাসহ রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নীচতলায় কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন ক্লাব এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা, তারুণ্য এবং গ্রীণ ভয়েসের সহযোগিতায় এ স্বাস্থ্য ও রক্তদান ক্যাম্পেইন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। এছাড়াও কুষ্টিয়া মেডিকেলের মেডিসিন ক্লাবের সভাপতি ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক সালিম সাদমান শিমুল সহ স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা, তারুণ্য ও গ্রীণ ভয়েসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>শিক্ষকদের বদলি আবেদনে ১৪ দফা নির্দেশনা

রক্তিমার রক্তদান সম্পাদক হিতুআরা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের রোগীরা অনেক সময় মধ্যরাতে রক্ত প্রয়োজন হলে সমস্যায় পড়েন। আজকের আয়োজনের মাধ্যমে সে প্রতিষ্ঠানে রক্তের যোগান বাড়িয়ে দেয়া। এ আয়োজনের মাধ্যমে রক্তদাতা খুঁজছি, স্বেচ্ছায় রক্ত নিচ্ছি, রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি। এছাড়াও গাইনি বিশেষজ্ঞ দ্বারা মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা এবং চর্মরোগের চিকিৎসার ব্যবস্থা করেছি।

কুষ্টিয়া মেডিসিন ক্লাবের নেতৃবৃন্দ বলেন, মেডিসিন ক্লাব মূলত রক্ত নিয়েই কাজ করে। আমরা মূলত এখানে আসছি দুটো কারণে। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দিতে। দ্বিতীয়ত, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ার পর সেখানে হঠাৎ প্রচুর পরিমাণে অপারেশন হচ্ছে। এতে প্রচুর পরিমাণে রক্তের দরকার হচ্ছে। সেক্ষেত্রে আমরা রক্তদাতার অপ্রতুলতায় ভুগছি। তাই আমরা স্বেচ্ছায় রক্তাদাতাদের উদ্দেশ্যে এসেছি। আপনারা ইতোমধ্যে যেভাবে সহযোগিতা করছেন সেজন্য ধন্যবাদ জানাই।

প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আজকে শুরু হওয়া এ প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ জাতীয় কার্যক্রমের মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠদানের সঙ্গেই সম্পৃক্ত রাখছি না বরং তারা যাতে মানবতার সেবায় এগিয়ে আসে এবং দেশ ও জাতির প্রয়োজনে তাদের মেধা ও মননের সংযোগ ঘটাতে পারে, সে সুযোগ তৈরি হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়