ফাইল ছবি, আপন দেশ
আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।
চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
এর আগে একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
মাহদী আমিন বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটর করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
আরও পড়ুন<<>>প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা রোববার
উপদেষ্টা আরও বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ত্রাণ কার্যক্রমে দলীয় নেতাকর্মীদের অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কয়েক দিনের অতি ভারি বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































