ছবি: আপন দেশ
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে পরিবেশ অধিদফত। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে এ বির্তক আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ (বাউডিএস)।
শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
বৃহস্পতিবার (০৯ জুলাই) ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ আলোচনা সভা হয়।
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সভা হয়। এ সভায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরিবেশ অধিদফতরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) সুমনা আল মজিদ।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদফতরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মো. নাজমুল হুদা।
আরও পড়ুন <<>> চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক। তিনি বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার চ্যাম্পিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের সদস্যদের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন।
এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় তরুণদের যুক্তিনির্ভর অংশগ্রহণ ও সচেতনতা ভবিষ্যতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































