ছবি : আপন দেশ
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে গভীর রাতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার (০৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি শুরু করেন তারা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগান দিতে দেখা যায়। এসময় কলেজ গেটে টানানো ছাত্রদলের বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেয়ারও চেষ্টা করেন বিক্ষোভকারীরা।
জানা গেছে, রাত ১১টার দিকে ইডেন কলেজ এবং প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা একত্র হয়ে আন্দোলন শুরু করেন। পরে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভাঙারও চেষ্টা করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম ও প্রভাব বন্ধের দাবি জানান।
আরও পড়ুন <<>> আগামীকাল কামিল পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর কলেজ গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রঙ দিয়ে মুছে ফেলা হয়। এর প্রতিবাদেই একদল শিক্ষার্থী রাতেই বিক্ষোভে নামেন।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































