Apan Desh | আপন দেশ

ব্যাটারি অটোরিকশার কারণে মধ্যরাতেও বিদ্যুৎ সংকট: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৫, ১৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:২৯, ১৩ আগস্ট ২০২৬

ব্যাটারি অটোরিকশার কারণে মধ্যরাতেও বিদ্যুৎ সংকট:  জ্বালানিমন্ত্রী

ছবি: আপন দেশ

ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বিদ্যুতের ডিমান্ড বাড়ছে। এর ফলে রাতেও প্রায় ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিপিডি আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এতদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়কে পিক আওয়ার ধরা হলেও এখন মধ্যরাতেও রেকর্ড পরিমাণ বিদ্যুৎ চাহিদা থাকছে। এ পরিবর্তনের পেছনে মূল কারণ ব্যাটারিচালিত যানবাহন বা ‘গরিবের টেসলা’।

তিনি বলেন, আগে আমাদের পিক আওয়ার ছিল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত, তারপর ডিমান্ড কমে যেত। এখন রাত ১২টাতেও বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ১৮ হাজার মেগাওয়াট। এটা কোনোদিনও হওয়ার কথা না। সারাদিন চলার পর এই বিশাল পরিমাণ ব্যাটারিচালিত রিকশা রাতে একযোগে চার্জে বসানো হয়, যার ফলেই এ গ্রিড চাপ তৈরি হচ্ছে।

ইকবাল হাসান মাহমুদ অভিযোগ করে বলেন, রাতের বেলায় ব্যাটারিচালিত এসব যানবাহন চার্জ করার জন্য ব্যবহৃত সংযোগগুলোর অধিকাংশই অবৈধ বা অননুমোদিত। যেসব সংযোগ দিয়ে এসব যানবাহন চার্জ দেয়া হচ্ছে, তার সিংহভাগই অবৈধ সংযোগ। আমরা এসব অননুমোদিত সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন করার কড়া পদক্ষেপ নিচ্ছি। তবে অনেক ক্ষেত্রে এসব অবৈধ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাধার মুখে পড়তে হচ্ছে এবং আক্রমণের শিকার হতে হচ্ছে।

বর্তমানে এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) ও কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শিল্প খাত ও বিদ্যুতের চাহিদা মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আগামী ২০২৯ সালের মধ্যে দেশে আরও নতুন এফএসআরইউ স্থাপন এবং অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বর্তমান সংকট সাময়িক এবং সরকার যুদ্ধকালীন তৎপরতার মতো পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন <<>> বিশ্ববাজারে কমলো তেলের দাম

তিনি আরও বলেন, গত ১৭ বছর অনুসন্ধান না করে শুধু আমদানির ওপর ভিত্তি করে দেশটাকে একটি জায়গায় নিয়ে আসা হয়েছে। আবার আমদানির জন্য হলেও যদি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি ঠিকমতো করতো, দুটো এফএসআরইউর জায়গায় যদি ৪টি এফএসআরইউ বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না। আমেরিকা থেকে একটি বড় দল আসছে ইনভেস্ট করার জন্য, তারা এফএসআরইউতে ইনভেস্ট করতে চায়। তাদেরকে আমরা অনুরোধ করেছি দ্রুত আমাদের কাছে যেন ইন্টারেস্ট সম্পর্কে চিঠি দেয়।

এদিকে সিপিডি বলছে, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের ঘাটতি দাঁড়িয়েছে ১২০০ থেকে ১৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। গ্যাসক্ষেত্রগুলো থেকে উত্তোলন কমে যাওয়া ও আন্তর্জাতিক বাজারে নানা অস্থিরতার কারণে পর্যাপ্ত এলএনজি আমদানি না করতে পারায় সংকট বাড়ছে। গ্যাস না মেলায় বহু বিদ্যুৎকেন্দ্র আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। জ্বালানি খাতের এ অচলবস্থার পেছনে বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক বড় কারণ।

আলোচনা সভায় অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন, বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি ডেভিড হাসনাতসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়