ছবি সংগৃহীত
আফ্রিকার সিংহ মরক্কোকে হারিয়ে প্রথম দল হিসেবে উত্তর আমেরিকা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ফরাসিদের প্রতিপক্ষ কে হচ্ছে, তা জানা যাবে শুক্রবার (১০ জুলাই) রাতেই। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। এ ম্যাচে বিজয়ী দল কিলিয়ান এমবাপ্পেদের মুখোমুখি হবে শেষ চারে।
এক আসর পর আবারও সেমিফাইনালে জায়গা করে নেয়ার লক্ষ্য বেলজিয়ামের। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবারের মতো শেষ চারে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন।
ম্যাচটি শুধু দুই শক্তিশালী দলের লড়াই নয়, বরং দুই ভিন্ন ফুটবল দর্শনেরও পরীক্ষা। স্পেনের পরিচিত পজেশনভিত্তিক নিয়ন্ত্রিত ফুটবলের বিপরীতে থাকবে বেলজিয়ামের দ্রুতগতির পাল্টা আক্রমণ। তাই মাঠের লড়াই কৌশলগত দিক থেকেও হতে পারে বেশ উপভোগ্য।
এবারের আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। এখন পর্যন্ত কোনো গোল না খেয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে লুইস দে লা ফুয়েন্তের দল। আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে প্রতিষ্ঠিত করেছে তারা।
বিশ্বকাপে স্পেন ও বেলজিয়ামের মুখোমুখি হওয়ার ইতিহাসও বেশ জমজমাট। ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বেলজিয়াম। তবে চার বছর পর ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সে হারের শোধ করে ২-১ গোলের জয় তুলে নেয় স্পেন।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্পেনের একাদশে পরিবর্তন আসতে পারে। মিডফিল্ডে মার্কোস ইয়োরেন্তে, ফাবিয়ান রুইজ কিংবা মিকেল মেরিনোর মধ্যে একজন শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। পুরোপুরি ফিট না হওয়ায় নিকো উইলিয়ামসকে শুরুতে বেঞ্চে রাখা হতে পারে। তবে আক্রমণে দলের বড় ভরসা হয়ে উঠেছেন মিকেল ওইয়ারসাবাল। চলতি আসরে চার গোল ও একটি অ্যাসিস্ট করে দারুণ ফর্মে রয়েছেন তিনি।
আরও পড়ুন<<>>নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে
ম্যাচের আগে স্পেনের মিডফিল্ডার দানি ওলমো বলেন, প্রতিটি ম্যাচকেই তারা এখন ফাইনাল হিসেবে দেখছেন। তার ভাষায়, আমরা প্রতিটি ম্যাচকে ফাইনাল মনে করছি। কোচও সব সময় সেটাই বলেন। আমাদের পুরো মনোযোগ এখন শুধু বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে। এরপর কী হবে, তা নিয়ে এখন ভাবছি না।
অন্যদিকে স্পেনের দুর্দান্ত ছন্দের পাশাপাশি তরুণ তারকা লামিন ইয়ামালকেও বিশেষভাবে নজরে রেখেছে বেলজিয়াম। তবে অভিজ্ঞতার বিচারে নিজেদের এগিয়ে রাখতেই চাইবে রেড ডেভিলস। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও থিবো কর্তোয়ার মতো অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি দলটিকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।
বেলজিয়াম শিবিরেও একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা শুরুর একাদশে ফিরতে পারেন। তবে আমাদু ওনানা এসিএল ইনজুরিতে ছিটকে যাওয়ায় তার জায়গায় হ্যান্স ভানাকেন অথবা নিকোলাস রাসকিনের একজন সুযোগ পেতে পারেন। এ ছাড়া পায়ের চোটের কারণে ডিফেন্ডার জিনো ডিবাস্টের খেলাও অনিশ্চিত।
সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অপেক্ষা করছে দুই ইউরোপীয় পরাশক্তির এক রোমাঞ্চকর লড়াই। স্পেনের নিখুঁত পাসিং ফুটবল নাকি বেলজিয়ামের গতিময় পাল্টা আক্রমণ শেষ পর্যন্ত কোন দর্শন সফল হয়, আর কোন দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে, সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের চোখ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































