ছবি: সংগৃহীত
আগামী জুন-জুলাইয়ে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এ আসরের আগে শেষ প্রস্তুতিতে নামছে ব্রাজিল। প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। বুধবার (০১ এপ্রিল) ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে।
গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত ২৭ মার্চ ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হারের ধাক্কা এখনও কাটেনি। এর মধ্যেই দলে চোট সমস্যা বাড়ছে।
দলের ফর্মে থাকা ফরোয়ার্ড রাফিনিয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। বার্সেলোনার এ তারকা প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। এবার নতুন করে শঙ্কা তৈরি হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ঊরুতে অস্বস্তি অনুভব করেন ভিনিসিয়ুস। তবে পরীক্ষায় বড় কোনো চোট ধরা পড়েনি। সতর্কতার জন্য তিনি দলের অনুশীলনে অংশ নেননি। তাকে অরল্যান্ডোর জিমে ও চিকিৎসা নিতে দেখা গেছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’।
আরও পড়ুন <<>> রোনালদোবিহীন পর্তুগালের গোলশূন্য ড্র
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) বিষয়টিকে ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখছে। ক্রোয়েশিয়া ম্যাচে তাকে পাওয়া যাবে বলেই আশাবাদী তারা। একই সময়ে রিয়াল মাদ্রিদও নজর রাখছে তার ওপর। কারণ সামনে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।
আগামী ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফলে ভিনিসিয়ুসকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ক্লাবটি।
এদিকে, ফ্রান্সের বিপক্ষে ম্যাচে খেলেননি পিএসজির ডিফেন্ডার মার্কিনিয়োস। কোমরের অস্বস্তির কারণে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল। এখন তিনি অনুশীলনে ফিরেছেন। ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা রয়েছে। চোটের কারণে দলে থাকছেন না ডিফেন্ডার ওয়েসলি। তার জায়গায় একাদশে ফিরতে পারেন দানিলো।
ম্যাচের আগে দলকে দুই ভাগে ভাগ করে অনুশীলন করাচ্ছেন কোচ আনচেলত্তি। এক গ্রুপে রয়েছেন ব্রেমার, দানিলো, লিও পেরেইরা ও ডগলাস সান্তোস। তাদের সামনে খেলছেন ক্যাসেমিরো ও আন্দ্রে সান্তোস।
অন্য গ্রুপে রয়েছেন মার্কিনিয়োস, ইবানেজ, ভিটর রেইস ও কাইকি ব্রুনো। তাদের সামনে থাকছেন ফ্যাবিনিয়ো ও দানিলো সান্তোস।
তবে এ লাইনআপগুলো পরীক্ষামূলক বলেই মনে করা হচ্ছে। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে দলকে গুছিয়ে নিতে চাইছেন কোচ। এখন দেখার বিষয়, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে কি না ব্রাজিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































