Apan Desh | আপন দেশ

তুরাগে মরদেহ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৩৬, ২৮ জুন ২০২৬

তুরাগে মরদেহ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি

ছবি: আপন দেশ

ঢাকার তুরাগ নদীতে একাধিক মরদেহ উদ্ধারের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া তথ্য,ছবি ও ভিডিও ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

একই সঙ্গে পুলিশের কোন ইউনিট বা থানা তুরাগে অভিযান চালানোর বিষয়ে কোন তথ্য নেই বলেও জানায় ডিএমপি।

রোববার (২৮ জুন) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম এণ্ড অপারেশনস) ফারুক হোসেন।

এসময় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ ও মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার এবং ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>পুলিশে বড় রদবদল, ২১ কর্মকর্তা বদলি

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার হওয়া সংক্রান্ত কিছু তথ্য, ছবি ও ভিডিও ছড়াতে দেখা যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখেছে। তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পায়নি। একইসঙ্গে এ বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা দায়ের করা হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিষয়টি অনুসন্ধানে প্রচারিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এদিকে মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানা পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে এ দুই থানার কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে পল্লবী বা রূপনগর থানায় কোনো অভিযোগ, তথ্য কিংবা ঘটনার সত্যতা সমর্থনকারী কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার, বিশ্বাস করা বা তা শেয়ার করা থেকে বিরত থাকা সমীচীন।

কোনো গুজব, বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ ধরণের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহবান করা হলো।

গুজবে প্রচারিত তথ্যের ডিএমপির কোনো ভূমিকা উল্লেখ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সেভাবে ডিএমপির কোনো ভূমিকা উল্লেখ নেই। তবে থানা এলাকার কথা বলা আছে। তাই আমরা নিশ্চিত করতে চাই ডিএমপির কোনো থানা বা ইউনিট তুরাগে কোনো অভিযান পরিচালনা করেনি।

অপর এক প্রশ্নের জবাবে ফারুক হোসেন বলেন, গুজব ছড়ানো জড়িত ব্যক্তি ও তাদের আইডি শনাক্তে কাজ চলছে ৷ দ্রুতই তাদের তালিকা প্রকাশ করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement