Apan Desh | আপন দেশ

নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৩৮, ১২ এপ্রিল ২০২৬

নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ আজ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে নবনির্বাচিত দুইিএমপি শপথ গ্রহণ করতে যাচ্ছেন। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

জাতীয় সংসদ সচিবালয় জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফল প্রকাশ করা হয়। শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<<>>ত্রাণমন্ত্রী কেমন আছেন, সবশেষ তথ্য জানালেন একান্ত সচিব

গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম, পিতা-মাতা ও ঠিকানা চূড়ান্তভাবে প্রকাশ করা হলো।

নবনির্বাচিত দুই এমপি হলেন স্থগিতকৃত সাধারণ নির্বাচনে শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ শূন্য আসনের উপ-নির্বাচনে বিজয়ী মো. রেজাউল করিম বাদশা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষিত হয় এবং গত ৯ এপ্রিল সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় তৎকালীন ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলে গত ৯ এপ্রিল সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়