ছবি : সংগৃহীত
ভারতের জাতীয় রাজনীতিতে নতুন করে চাপ বাড়ানোর চেষ্টা করেছে কংগ্রেস। নিট পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যু এবং কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
রোববার (২৪ মে) দুই ভিন্ন অনুষ্ঠানে দেয়া তার বক্তব্য ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়ে পড়ে।
নিট পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে রাহুল গান্ধী বলেন, যতদিন পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করছেন এবং প্রশ্নফাঁস ঠেকাতে নির্ভরযোগ্য ব্যবস্থা না নেয়া হচ্ছে, ততদিন আন্দোলন চালিয়ে যাবে কংগ্রেস।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হায়দরাবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি ভিডিওও প্রকাশ করেন। সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও স্লোগান ওঠে।
রাহুল গান্ধী অভিযোগ করেন, লাখ লাখ তরুণ ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও প্রধানমন্ত্রী নীরব রয়েছেন। তার ভাষায়, প্রায় ২২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কিন্তু সরকার সমস্যার সমাধানের বদলে দায় এড়ানোর চেষ্টা করছে।
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন কংগ্রেস নেতা। সংখ্যালঘু বিভাগের এক বৈঠকে তিনি দাবি করেন, আগামী এক বছরের মধ্যেই নরেন্দ্র মোদি সরকারের পতন ঘটবে।
অর্থনৈতিক অসন্তোষ, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতিকে তিনি সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।
রাহুল গান্ধীর এসব মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের পর কংগ্রেস আগের তুলনায় আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। বিশেষ করে যুবসমাজ, চাকরিপ্রার্থী এবং মধ্যবিত্তদের অসন্তোষকে সামনে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করছে দলটি।
আরও পড়ুন <<>> ভাঙছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিট প্রশ্নফাঁস ইস্যু বর্তমানে ভারতের শহুরে মধ্যবিত্ত ও শিক্ষার্থী সমাজে বড় ধরনের ক্ষোভ তৈরি করেছে। সে আবেগকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে কংগ্রেস। একই সঙ্গে সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বিরোধী শিবিরে নতুন আত্মবিশ্বাস তৈরির প্রচেষ্টাও চলছে।
তবে এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি আনুষ্ঠানিকভাবে রাহুল গান্ধীর বক্তব্যের জবাব দেয়নি। যদিও দলটির একাংশের নেতারা দাবি করছেন, জনসমর্থনের ঘাটতির কারণেই বিরোধীরা ইস্যুভিত্তিক উত্তেজনা তৈরির চেষ্টা করছে।
পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েক মাসে প্রশ্নফাঁস বিতর্ক এবং অর্থনৈতিক অসন্তোষ ভারতের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে। আর সে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন রাহুল গান্ধী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































