ছবি: সংগৃহীত
লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর (৬০)। তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় তিনি বা তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে অভিনেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
সমু চৌধুরী ওই এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথার পেছনের দিকে আঘাতজনিত জখম ছিল। ক্ষতস্থানে চারটি সেলাই দিতে হয়েছে।
জরুরি বিভাগে উপস্থিত কয়েকজন বলেন, প্রাথমিক চিকিৎসা নেয়ার পর ‘এই চল’ বলে এক সঙ্গীকে নিয়ে হাসপাতাল ছাড়েন সমু চৌধুরী।
অভিনেতার খালাতো ভাই ও নাট্য সংগঠন বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি জানান, সমু চৌধুরী বর্তমানে বাড়িতে রয়েছেন। এ ঘটনায় তিনি বা পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
আরও পড়ুন <<>> বনি-কৌশানির বিচ্ছেদ, মুখ খুললেন তারকা যুগল
রনি বলেন, ঘটনার আগে সমু চৌধুরীর সঙ্গে তার মায়ের কিছুটা ঝগড়া হয়েছিল। এরপর তিনি বাড়ি থেকে বাইরে বের হয়ে যান। পরে মোটরসাইকেলের গ্যারেজের সামনে ঝামেলা হওয়ার খবর পাওয়া যায়।
স্থানীয়রা বলেন, বাড়ির সামনের একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। তবে গ্যারেজের মালিক হৃদয় দাবি করেছেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































