Apan Desh | আপন দেশ

মাছের প্রজনন গবেষণায় সাফল্য, জাতীয় মৎস্য পদক পেলেন বাকৃবি অধ্যাপক

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৯, ১৯ আগস্ট ২০২৬

মাছের প্রজনন গবেষণায় সাফল্য, জাতীয় মৎস্য পদক পেলেন বাকৃবি অধ্যাপক

ছবি: আপন দেশ

মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ও সাবেক ডিন ড. মো. রফিকুল ইসলাম সরদার।

বুধবার (১৯ আগস্ট) তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বর্তমানে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদফতরের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের হাতে ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ ও সনদপত্র তুলে দেন। 

আরও পড়ুন<<>>ইবিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা-রক্তদান ক্যাম্পেইন

অধ্যাপক রফিকুল ইসলাম সরদার বলেন, আমার গবেষণার ক্ষেত্র হলো মাছের স্পার্ম সংরক্ষণ, যাকে ক্রায়োপ্রিজারভেশন বলা হয়। এ প্রযুক্তির মাধ্যমে মাছের স্পার্ম সংরক্ষণ করে পরবর্তীতে মাছের ডিম নিষিক্ত করে পোনা উৎপাদন করা হয়। এরপর সে পোনা বড় করে গুণগত মানসম্পন্ন ব্রুড বা মা-মাছ তৈরি করছি। গবাদিপশুর ক্ষেত্রে যেমন উন্নত জাতের প্রজননের জন্য সংরক্ষিত স্পার্ম ব্যবহার করা হয়, একইভাবে মাছের ক্ষেত্রেও এই প্রযুক্তি প্রয়োগ করে উন্নতমানের মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। এর মাধ্যমে ভালো মানের ব্রুড মাছ তৈরি করা এবং ভবিষ্যতে মাছের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে।

তিনি জানান, আমার গবেষণাকাজের প্রয়োগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদীতে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে স্বর্ণপদক দেয়া হয়েছে। অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন চাষি, উদ্যোক্তা, খামারি ও গবেষককে স্বর্ণপদক দেয়া হয়। এর মধ্যে গবেষক ক্যাটাগরিতে আমিও একজন হিসেবে এ স্বর্ণপদক পেয়েছি। এ স্বীকৃতি আমার গবেষণাকাজকে আরও উৎসাহিত করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়