ছবি: আপন দেশ
পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সরকারি সার পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ একটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে নুরনবী এন্টারপ্রাইজ নামের এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাতে বোদা উপজেলার সাতখামার এলাকায় অবস্থিত বিসিআইসি অনুমোদিত সার ডিলার নুরনবী এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১২০ বস্তা ড্যাপ সার একটি মাহিন্দ্রা গাড়িতে লোড করে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলায় পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে বোদা পৌরসখার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান আলমসহ স্থানীয় এলাকাবাসী গাড়িটি আটক করেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ গাড়িটি জব্দ করে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে নিয়ে যায়।
আরও পড়ুন<<>>ভগ্নিপতিকে হত্যার ঘটনায় শ্যালক গ্রেফতার
মঙ্গলবার দুপুরে তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. রবিউল ইসলাম। সরকারি সার অবৈধভাবে পাচারের দায়ে নুরনবী এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ঐ ডিলারের সার বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে তার লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়। জব্দ করা ১২০ বস্তা ড্যাপ সার পরবর্তীতে স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ ও সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জু ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, কৃষকদের সার নিয়ে যেকোনো কারচুপি বা কালোবাজারীর বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































