ছবি: আপন দেশ
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কীভাবে জীবন রক্ষা করতে হবে, তা হাতে-কলমে দেখানো হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি-এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সচেতন করতে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো, আহত ব্যক্তিকে উদ্ধার, স্ট্রেচারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া এবং অ্যাম্বুলেন্সে তোলার পদ্ধতি প্রদর্শন করেন। এ সময় গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের কৌশলও দেখানো হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কার্যক্রম দেখে দুর্যোগের সময় করণীয় সম্পর্কে ধারণা পায়।
আরও পড়ুন<<>>কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুন লাগলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে এবং ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। শিক্ষার্থীদের এসব বিষয়ে বাস্তব ধারণা দিতেই মহড়ার আয়োজন করা হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগের সময় নিজেদের সুরক্ষিত রাখতে এবং অন্যদের সহায়তা করতে কাজে আসবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল ও উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো মো. ইউসুফ আলী। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































