ছবি : আপন দেশ
পর্যটন নগরী কক্সবাজারে রেনেসাঁ নামের একটি হোটেলের মদের বারে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম নাজিবুল হক রাশেদ (২৯)। এ ঘটনায় আটক অভিযুক্ত মোহাম্মদ সোলাইমান (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের বারে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর মধ্যম নুনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় সোলাইমানকে আটক করা হয়। পরে আহত অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হলে সকালে তার মৃত্যু হয়।
সিসিটিভি ফুটেজ ও বারে কর্মরতদের বরাতে পুলিশ বলছে, ঘটনার আগে বারে বসা কয়েকজনের মধ্যে বিরোধের একপর্যায়ে বাইরে থেকে দুজনকে ডেকে আনা হয়। পরে তাদের ওপর হামলা হলে রাশেদ নামে এক যুবক গুরুতর আহত হয়ে মারা যান।
আরও পড়ুন<<>>নিজ গ্রামে পৌঁছেছে সৌদিতে নিহত ৯ মরদেহ
অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমানও ঘটনার সূত্রপাতের বিষয়ে একই রকম কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, বাইরে থেকে আসা ওই দুজনের একজন ছিলেন রাশেদ। পরে তাদের সঙ্গে বারে থাকা লোকজনের হাতাহাতি শুরু হয় এবং রাশেদকে সেখানে মারধর করা হয়।
তিনি বলেন, বারের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত বারটি বন্ধ রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর বলেন, তদন্তের স্বার্থে আলামত সংগ্রহ করা হবে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে বারটি বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনার পর বারের নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও তদন্ত করার কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































