ছবি: আপন দেশ
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ তাদের নিজ গ্রামে পৌছেছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে নওগাঁর আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে তাদের যৌথ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে মরদেহগুলো দাফন করা হবে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের পরিবারকে সহায়তা করতে সব ধরনের প্রশাসনিক প্ৰস্তুতি নেয়া হয়েছে। যৌথ জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষের অংশ নেয়ার কথা রয়েছে।
সৌদি আরবে মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে একসঙ্গে এতজন প্রবাসীর মৃত্যুতে আত্রাই উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সংশ্লিষ্ট এলাকার পরিবেশ।
আরও পড়ুন<<>>গৃহবধূকে ধর্ষণ, অটোচালক আটক
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে এসব মরদেহগুলো তাদের নিজ নিজ গ্রামে এসে পৌছায়। একইদিন বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩০’ ফ্লাইটে করে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে উপস্থিত থেকে মরদেহগুলো গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নওগাঁ জেলা প্রশাসনের পক্ষে বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহগুলো গ্রহণ করেন নওগাঁর আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান। পরবর্তীতে আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানো হলো।
শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা ও পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এ ছাড়া নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম ও রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে এসেছে।
পরিবারের ভাগ্য বদলের আশায় প্রবাসে যাওয়া এসব রেমিট্যান্স যোদ্ধার এমন মৃত্যুতে নিহতদের পরিবার ও নিজ নিজ এলাকায় চলছে শোকের মাতম।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































