ছবি: আপন দেশ
বিএনপি জুলাই সনদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার বক্তব্য রেখেছেন এবং স্পষ্টভাবে বলেছেন। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সে সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে। এ বিষয়ে প্রশ্ন রাখার কোনো অবকাশ নেই।
তিনি বলেন, রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন, তবে রাজনৈতিক সব বক্তব্যকে গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।
এর আগে তিনি টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন।
আরও পড়ুন <<>> ২০২৬ সালেও ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ
এ ব্যাপারে তিনি বলেন, যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে এ অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস সমিতির আহ্বায়ক মো. শফিকুর রহমান খান শফিক, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহবায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































