ছবি: সংগৃহীত
প্রথম ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৬ রানের জয় তুলে নিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে টাইগাররা।
বাংলাদেশের জয়ে বল হাতে নায়ক ছিলেন পেসার ইকবাল হোসেন ইমন। দুর্দান্ত বোলিংয়ে একাই পাঁচ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি।
আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৪৮ রান তোলে ইউএসএসএ। দলের দুই ওপেনার লুডউইচ ও জেসন ফিফটি তুলে নিয়ে দলকে শক্ত ভিত এনে দেন। লুডউইচ ৭১ বলে ৭২ এবং জেসন ৭৩ বলে ৭৯ রান করেন। তবে তাদের বিদায়ের পর বড় কোনো জুটি গড়তে পারেনি স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে ইমন পাঁচ উইকেট নেন। এছাড়া রহনতদৌলা বর্ষণ দুটি এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আমিনুল ইসলাম বিপ্লব একটি করে উইকেট শিকার করেন।
২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ৩৯ বলে ৩৪ এবং শাহাদাত হোসেন দিপু ১২ বলে ১৮ রান করেন।
আরও পড়ুন <<>> বুমরাহর পরিবর্তে ভারতের টেস্ট দলে আকিব নবি
এরপর চতুর্থ উইকেটে ইফতিখার আহমেদ ইফতি ও মাহিদুল ইসলাম অঙ্কন দলের হাল ধরেন। ইফতি ৮৫ বলে ৭১ রান করেন। অন্য প্রান্তে অঙ্কন ৬৮ বলে ৩৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের পথে এগিয়ে নেন।
বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের আগেই শেষ হয়। তখন ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৮৬ রান। এরপর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ২৬ রানের জয়ী ঘোষণা করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































