ছবি : সংগৃহীত
স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে নীরবে বড় পরিকল্পনা শুরু করেছে রিয়াল মাদ্রিদ।
টনি ক্রুসের বিদায়ের পর মাঝমাঠে শূন্যতা পূরণে রদ্রিকেই সবচেয়ে উপযুক্ত উত্তরসূরি হিসেবে দেখছে লস ব্লাঙ্কোস।
ম্যানচেস্টার সিটির ১০০ মিলিয়ন ইউরোর মূল্য দাবি আপাতত এ বহুল আলোচিত ট্রান্সফারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, ক্লাবের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে রদ্রিকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে এই ট্রান্সফার নিয়ে দ্বিধা থাকলেও পরে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এরপরই স্প্যানিশ জায়ান্টরা এ চুক্তি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
স্পেনের সফততম এ ক্লাবটির বিশ্বাস, টনি ক্রুসের অবসরের পর মাঝমাঠে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে রদ্রির চেয়ে ভালো বিকল্প বর্তমানে নেই। খেলার গতি নিয়ন্ত্রণ, বল দখলে দক্ষতা, রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য সৃষ্টি এবং বড় ম্যাচের অভিজ্ঞতা, সব দিক থেকেই রদ্রি রিয়ালের পরিকল্পনার সঙ্গে মানানসই।
তবে ট্রান্সফারের সবচেয়ে বড় বাধা রদ্রির বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। রিয়াল রদ্রির জন্য ৬০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে আগ্রহী নয়।
অন্যদিকে, সিটি তাদের অন্যতম নির্ভরযোগ্য এই মিডফিল্ডারকে ছাড়তে চাইলে অন্তত ১০০ মিলিয়ন ইউরো দাবি করছে। দুই ক্লাবের মধ্যে এই ব্যবধানই আপাতত চুক্তির পথে প্রধান বাধা।
স্কাই স্পোর্টস জানায়, চলতি মৌসুমেই রদ্রির বার্নাব্যুতে যোগ দেয়ার সম্ভাবনা ধীরে ধীরে জোরালো হচ্ছে। শুধু ক্লাবগুলোর মধ্যে আলোচনা নয়, রিয়াল ইতোমধ্যে রদ্রির ব্যক্তিগত চুক্তির বিষয়েও কাজ শুরু করেছে। ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তির প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। ব্যক্তিগত শর্ত নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন : গার্দিওলাকে কোচ বানাতে চায় ইতালি
যদিও এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবু রদ্রিকে ঘিরে রিয়াল মাদ্রিদের নীরব তৎপরতা ইউরোপের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































