Apan Desh | আপন দেশ

ইয়ামালকে নিয়ে সতর্ক অস্ট্রিয়া কোচ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৬, ২ জুলাই ২০২৬

আপডেট: ১৩:১৮, ২ জুলাই ২০২৬

ইয়ামালকে নিয়ে সতর্ক অস্ট্রিয়া কোচ

ছবি সংগৃহীত

উত্তর আমেরিকা বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ জমে উঠেছে। এরইমধ্যে পরবর্তী নকআউট পর্ব শেষ ষোলো নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলসহ কয়েটটি দল। আবার হেরে বিদায় নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন জার্মানিসহ কয়েক দল। তবে এখনও বাকি আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল। 

বৃহস্পতিবার (০২ জুলাই) রাতেই পরীক্ষায় নামছে স্প্যানিশরা। তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। তাদের বড় লক্ষ্য স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে থামানো। এ বিস্ময়বালকের ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক। তার মতে, বিশ্বের যেকোনো ফুটবলপ্রেমীই ইয়ামালের খেলা দেখতে ভালোবাসে, কিন্তু মাঠে তাকে যতটা সম্ভব বল থেকে দূরে রাখাই হবে তাদের পরিকল্পনা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রাংনিক বলেন, লামিনে ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আগামী ১২, ১৩ কিংবা ১৪ বছর, হয়তো আরও বেশি সময়, সে সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবে। যদি সে সুস্থ থাকে এবং নিজেকে সঠিকভাবে ধরে রাখতে পারে, তাহলে অসংখ্য ম্যাচ খেলবে।

১৮ বছর বয়সী ইয়ামাল চলতি বিশ্বকাপে চোট থেকে ধীরে ধীরে ফিরছেন। এপ্রিলের হ্যামস্ট্রিং চোটের কারণে গ্রুপ পর্বে তিন ম্যাচ মিলিয়ে খেলেছেন মাত্র ১৪১ মিনিট। তাতেই করেছেন একটি গোল। তবে রাংনিক জানিয়ে দিয়েছেন, ইয়ামালের প্রতিভা সম্পর্কে সচেতন থাকলেও তাকে স্বাধীনভাবে খেলতে দেয়ার কোনো সুযোগ নেই। 

সে এমন একজন খেলোয়াড়, যাকে বিশ্বের সব ফুটবলপ্রেমীই দেখতে ভালোবাসে। কিন্তু আমাদের দায়িত্ব হবে তাকে যত কম সম্ভব বল ছুঁতে দেয়া এবং ড্রিবল শুরু করার সুযোগ না দেয়া, বলেন রাংনিক।

আরও পড়ুন<<>>আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস

গ্রুপ পর্বে অস্ট্রিয়া তিন ম্যাচে ছয় গোল করেছে, যা স্পেনের চেয়ে একটি বেশি। তবু স্পেনকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবেই দেখছেন রাংনিক। কারণ, ২০২৩ সালের মার্চ থেকে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রয়েছে স্প্যানিশরা।

রাংনিক বলেন, আমরা সবাই জানি, আগামীকাল (আজ) আমাদের আরও ভালো খেলতে হবে। স্পেনের বিপক্ষে এটা খুবই স্বাভাবিক। আমাদের নিজেদের পারফরম্যান্সকে আরেক ধাপ ওপরে নিতে হবে।

অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবাও প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সতর্ক। রিয়াল মাদ্রিদের সাবেক এ ডিফেন্ডার বলেন, স্পেন খুবই আকর্ষণীয় ফুটবল খেলে। তাদের দলে অসাধারণ মানের অনেক খেলোয়াড় আছে, যারা যেকোনো সময় ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। তবে আমরা ভয় পাচ্ছি না। আমরা ইতিবাচক ফুটবল খেলতে চাই এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।

তবে এ গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে ডিফেন্ডার ফিলিপ এমভেনেকে পাচ্ছে না অস্ট্রিয়া। যদিও রাংনিকের বিশ্বাস, দলে যথেষ্ট বিকল্প রয়েছে এবং সে শক্তি নিয়েই তারা টুর্নামেন্টের অন্যতম দাবিদার স্পেনকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়