ছবি: সংগৃহীত
মিশরের বিপক্ষে গোলশূন্য প্রীতি ম্যাচকে ঘিরে ইসলামবিদ্বেষী স্লোগানের অভিযোগে সরব হয়েছেন স্পেন জাতীয় দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচ চলাকালে স্টেডিয়ামে শোনা এমন স্লোগানকে ‘অসম্মানজনক’ ও ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে সমর্থকদের প্রতি ধর্মীয় সংবেদনশীলতা বজায় রাখার আহবান জানিয়েছেন তিনি।
স্পেনের জার্সিতে খেলা এবং এফসি বার্সেলোনার হয়ে মাঠ মাতানো ১৮ বছর বয়সী এ ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় জানান, ম্যাচের প্রথমার্ধে আরসিডিই স্টেডিয়ামে কিছু দর্শকের মুখে ‘যে লাফাবে না, সে মুসলিম’—এমন স্লোগান শোনা যায়।
নিজের প্রতিক্রিয়ায় ইয়ামাল লিখেছেন, তিনি জানেন স্লোগানটি প্রতিপক্ষ দলকে উদ্দেশ্য করেই দেয়া হয়েছিল এবং ব্যক্তিগতভাবে তাকে লক্ষ্য করে বলা হয়নি। তবে একজন মুসলিম হিসেবে এ ধরনের মন্তব্যকে তিনি অসম্মানজনক বলে মনে করেন।
তিনি আরও বলেন, সব সমর্থক এমন নয়, এটি আমি বুঝি। কিন্তু যারা এমন স্লোগান দেয়, তারা ধর্মকে উপহাস করে এবং নিজেদের অজ্ঞতা ও বর্ণবাদী মানসিকতার প্রকাশ ঘটায়।
আরও পড়ুন <<>> নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ফুটবলকে ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে এ তরুণ তারকা বলেন, ফুটবল উপভোগ ও সমর্থনের জন্য—কাউকে তার পরিচয় বা বিশ্বাসের কারণে হেয় করার জন্য নয়।
বার্তার শেষাংশে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বিশ্বকাপে দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে ঘটনাটি ঘিরে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মিশরের বিপক্ষে ম্যাচে এমন স্লোগান উচ্চারণের ঘটনায় ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































