ছবি : আপন দেশ
ভোটের মাধ্যমে জনগণ আগামী ৫ বছরের জন্য বিএনপিকে দায়িত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, গত রাত থেকেই আমরা ফলাফল পর্যবেক্ষণ করছি। আমাদের দলের নেতাকর্মীরা সারারাত নির্বাচন কমিশনে অবস্থান করেছেন। ফলাফলে দেখা যাচ্ছে, দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন জোটের অনেক প্রার্থীও জয় পেয়েছেন। তাই আমরা মনে করি, জনগণ আগামী পাঁচ বছরের কল্যাণের দায়িত্ব বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমান এর ওপর অর্পণ করেছে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এ বিজয় শুধু সংখ্যাগত সাফল্য নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণ নীতিভিত্তিক সরকার প্রত্যাশা করছে এবং বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন<<>>‘ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আগের অনেক নির্বাচনে প্রাণহানি ও সহিংসতার ঘটনা ঘটলেও এবারের নির্বাচন তুলনামূলক শান্তিপূর্ণ হয়েছে। তবে দীর্ঘদিন ভোট না দেয়ার সংস্কৃতি পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে ভোটারদের অংশগ্রহণ আরো বাড়ানোর আশা প্রকাশ করেন এ বিএনপি নেতা।
চট্টগ্রামের দুটি আসনের ফল আদালতের নির্দেশনার কারণে স্থগিত থাকার বিষয়ে তিনি বলেন, আদালত সিদ্ধান্ত দিলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে। তবে ওই আসনগুলো ছাড়াও সরকার গঠনে বিএনপির কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
বিএনপির নির্বাচনি প্রত্যাশা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, দলটি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিল এবং প্রত্যেক প্রার্থীই জয়ের আশায় নির্বাচনে অংশ নিয়েছিলেন। ভবিষ্যতে নির্বাচনি ফল আরো ভালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের আস্থা ধরে রাখা এবং দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































