Apan Desh | আপন দেশ

খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য ৫ কোটি রুটি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৩, ৪ জুলাই ২০২৬

খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য ৫ কোটি রুটি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায় শুরু হয়েছে। শনিবার (০৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিদায়ী পর্ব।

আশা করা হচ্ছে এ জানাজায় দুই কোটি মানুষের সমাগম ঘটবে। বিশাল এ জনসমুদ্রের খাবার নিশ্চিতে ১৬টি ভ্রাম্যমাণ বেকারিসহ ৫ কোটি রুটি তৈরির প্রস্তুতি নিয়েছে দেশটি।

ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ জানিয়েছে, আগত শোকগ্রস্ত মানুষদের খাওয়ানোর জন্য ১৬টি ভ্রাম্যমাণ বেকারিসহ ৫ কোটি রুটি তৈরির প্রস্তুতি নেয়া হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫০০টি অ্যাম্বুলেন্স, ২১টি হেলিকপ্টার, ১০০টি ড্রোন এবং ২০ হাজার ক্লাসরুম আবাসন হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

বাসিজ আরো জানিয়েছে, তেহরানের ইতিহাসে সবচেয়ে বড় ট্রাফিক পরিকল্পনা নেয়ার পাশাপশি ব্যক্তিগত গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জুলাইয়ের তীব্র গরম থেকে জনতাকে বাঁচাতে মোসাল্লা কমপ্লেক্সের চত্বরে ৬ হাজারের বেশি পানির স্প্রিঙ্কলার বসানো হয়েছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের লক্ষ্য দেশের ইতিহাসে সর্ববৃহৎ 'বিদায় অনুষ্ঠান' করা। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসলামিক প্রজাতন্ত্রের টিকে থাকার এবং প্রতিরোধের ক্ষমতা প্রদর্শন করা হবে। তবে এ বিশাল আয়োজনের কারণে তেহরানের সাধারণ নাগরিকেরা তীব্র ট্রাফিক জ্যাম ও জ্বালানি সংকটের মতো ভোগান্তিতেও পড়েছেন।

আয়াতুল্লাহ আলী খামেনির শোক ও দাফন অনুষ্ঠান টানা সাত দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার তেহরানে বিদেশি নেতাদের বেশির ভাগই খামেনির প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছেন। শনিবার সকাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষশ্রদ্ধা জানাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে লাখ লাখ মানুষ সারিতে দাঁড়িয়েছেন।

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরে মানুষের ঢল নেমেছে। গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে পৌঁছানোর জন্য ভোর থেকেই লাখ লাখ মানুষ দ্রুতগামী এইগণপরিবহন ব্যবস্থা চালুর অপেক্ষায় জড়ো হন।

আরও পড়ুন<<>>খামেনির শেষ বিদায়ে তেহরানে মানুষের ঢল

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-এর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরিহিত শত শত শোকার্ত মানুষ বন্ধ স্টেশনের গেটের সামনে অপেক্ষা করছেন। গেট খোলার পর প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়।

উল্লেখ্য, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতবা আলী খামেনি শোক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। সম্প্রতি মোজতবাকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। সে হুমকির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে আয়াতুল্লাহ খামেনিকে গত মার্চ মাসে দাফন করার পরিকল্পনা ছিল। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সে সূচি পিছিয়ে দেয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই দিনই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন শুরু হয়েছিল।

আগ্রাসনের ৪০ দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ১৭ জুন দেশ দুটি একটি সমঝোতা স্মারকে সই করে। এখন তারা কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী শান্তিচুক্তির জন্য আলোচনা চালাচ্ছে।

আন্তর্জাতিক উপস্থিতি
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল তেহরানে আয়াতুল্লাহ খামেনির প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলি, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছেন।

তেহরানে আয়োজিত এ অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানান ভারতের বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় উপপররাষ্ট্রমন্ত্রী মার্গারিটা, চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির সহসভাপতি হে ওয়েই, তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রমুখ। আরো ছিলেন ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর প্রতিনিধিরা। তবে পশ্চিমা কোনো কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়নি। 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়