ছবি: সংগৃহীত
ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলার পর ইসরায়েলে নতুন করে আঘাতের খবর পাওয়া গেছে। হাইফার পর এবার নিওত হোভভ শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় জানায়, আগুনের ফলে বিপজ্জনক রাসায়নিক চুইয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে আপাতত রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের আশপাশের শহরগুলোর জন্য বড় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের শকওয়েভে অন্তত একজন আহত হয়েছেন।
ঘটনার পর ৪০ নম্বর মহাসড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। স্থানীয় প্রশাসন নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার করতে বলেছে। হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে এয়ার কন্ডিশনার বন্ধ রাখা এবং জানালা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।
সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতেই এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটতে পারে। এএফপিকে দেয়া বক্তব্যে তারা বলেছে, এটি সম্ভবত ক্ষেপণাস্ত্রের শার্পনেল বা ধ্বংসাবশেষের ফল।
আরও পড়ুন <<>> ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক
টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে, নেগেভ মরুভূমির রামাত হোভভ শিল্পাঞ্চল থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উঠছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আগুনটি সম্ভবত গোলাবারুদ বা প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে লেগেছে। আরও ধ্বংসাবশেষ শনাক্ত করতে এবং ঝুঁকি দূর করতে তল্লাশি চলছে।
এর আগে সামরিক বাহিনী জানায়, রোববার ইরান থেকে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করা হয়েছে। প্রতিবারই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে তা প্রতিহত করার চেষ্টা চালানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































