ছবি: সংগৃহীত
নিরাপত্তা বলয় ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বাসভবনে ঢুকতে চাওয়া এক যুবককে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের ‘মার-এ-লাগো’ নামক বাসভবনে এ ঘটনা ঘটে।
সিক্রেট সার্ভিসের ভাষ্য অনুযায়ী, বাসভবনের উত্তর প্রবেশপথের কাছে এক ব্যক্তিকে দেখা যায়। তার কাছে শটগানের মতো একটি অস্ত্র ও একটি জ্বালানির পাত্র ছিল বলে মনে হয়।
সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে পাম বিচ কাউন্টি শেরিফ দফতরের একজন কর্মকর্তাও ওই ব্যক্তির মুখোমুখি হন। মুখোমুখি অবস্থার মধ্যেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে কর্মকর্তারা জানান। ধারণা করা হচ্ছে, নিহত অনুপ্রবেশকারীর বয়স বিশের কোঠায়। তবে নিহতের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে অবস্থান করছেন। তার প্রকাশিত সময়সূচিতে এমন তথ্যই রয়েছে।
পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশ বলেন, নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, একজন শ্বেতাঙ্গ ব্যক্তি জ্বালানির পাত্র ও একটি শটগান হাতে দাঁড়িয়ে আছেন। নিরাপত্তাকর্মীরা তাকে এসব হাত থেকে নামানোর নির্দেশ দেন। এসময় তিনি জ্বালানির পাত্রটি ফেলে দিলেও শটগানটি গুলি ছোড়ার উপযোগী অবস্থায় তুলে ধরেন। এরপরই নিরাপত্তাকর্মীরা অস্ত্র ব্যবহার করে তাকে ‘নিষ্ক্রিয়’ করেন। সূত্র: বিবিসি
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































