Apan Desh | আপন দেশ

ভারত থেকে গরু আসতে দেয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৪, ১৭ মে ২০২৬

ভারত থেকে গরু আসতে দেয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের চাহিদা মেটাতে পশুর পর্যাপ্ত মজুত রয়েছে।কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, দেশে চাহিদার তুলনায় অনেক বেশি গরু রয়েছে। বাইরে থেকে যেন কোনও পশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) সর্বোচ্চ সজাগ থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (১৭ মে) বিকেলে বগুড়া শহরের মম ইন কনভেনশন সেন্টারে ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন: আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন কুরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ভবিষ্যতে দেশ পশু রফতানির দিকেও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

আরও পড়ুন<<>>আলেমদের ওপর জুলুম বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী

পশুর চামড়ার দাম কমে যাওয়ার বিষয়টি সরকারের নজরে রয়েছে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চামড়ার দাম বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি খামারিরা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারেন, সে বিষয়েও সরকার কাজ করছে। তিনি আরও বলেন, খামারি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক শাহজামান খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক খামারি ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন। সেমিনার শেষে সন্ধ্যায় বগুড়া শহরতলীর জয়পুরপাড়ায় নবনির্মিত আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত কসাইখানাটি ৫০ ডেসিমেল জমির ওপর গড়ে তোলা হয়েছে। সেখানে প্রতি ঘণ্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল বা ভেড়া জবাই ও প্রস্তুত করা যাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়