Apan Desh | আপন দেশ

লেস্টার সিটি ছাড়ছেন হামজা চৌধুরী

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৮, ৫ আগস্ট ২০২৬

লেস্টার সিটি ছাড়ছেন হামজা চৌধুরী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। তিনি শৈশবের ক্লাব লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানে পাড়ি জমাচ্ছেন। দেশটির শীর্ষস্থানীয় ক্লাব সাবাহ এফকে-তে নাম লিখিয়েছেন এ মিডফিল্ডার।

আজারবাইজানের গণমাধ্যম নিশ্চিত করেছে হামজার দলবদলের খবর।

তবে কথা হচ্ছিল একাধিক ক্লাবের সঙ্গেই। বার্মিংহ্যাম সিটি এবং শেফিল্ড ইউনাইটেডের রাডারেও ছিলেন তিনি।

ইংল্যান্ডের পর পূর্ব ইউরোপের আজারবাইজানে নিজের গন্তব্য ঠিক করেছেন বাংলাদেশি এ তারকা। আজারবাইজান লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ-এফকের জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশের নাম্বার এইটকে। ক্যারিয়ারের উড়ন্ত বয়সেই যেন ভিন্ন এক স্ক্রিপ্ট লেখার চেষ্টায় হামজা।

আজারবাইজানের গণমাধ্যম আক্সার নিজস্ব সূত্রে হামজা চৌধুরীর এ দলবদলের খবর জানিয়েছে। দুই দলের মাঝে কয়েক দফা আলোচনা শেষেই নাকি হামজা রাজি হয়েছেন এ ক্লাবের হয়ে খেলতে।

যদিও লেস্টার সিটির ক্লাব অফিসিয়াল বা ইংলিশ কোনো গণমাধ্যম এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি। এমনকি কত টাকায় দলবদল হয়েছে সেটিও নিশ্চিত করতে পারেনি আক্সার। তাই দলবদল নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়।

লেস্টার সিটিতে একটি এফএ কাপ, একটি ইএফএল চ্যাম্পিয়নশিপ আর ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নশিপ লিগ জিতেছিলেন হামজা। খেলেছেন শেফিল্ড ইউনাইটেড আর ওয়াটফোর্ডেও। তবে, আপাতত কোথাও ঠাঁই হচ্ছে না বাংলাদেশি এ তারকার।

আরও পড়ুন <<>> বিশ্বকাপ মাতানো ভজিনিয়ার ‘স্বপ্নপূরণ’

ক্লাব হিসেবে তৃতীয় বিভাগে নেমে যাওয়ার পর দাম কমেছে লেস্টারের সব ফুটবলারের। জেরেমি মঙ্গা ছাড়া লেস্টারের কোনো তারকাই এবার বড় ক্লাবে দলবদল করতে পারেননি। সেটারই প্রভাব পড়লো হামজার দলবদলে। বিভিন্ন ক্লাবের আলোচনায় থাকলেও শেষপর্যন্ত অন্য কোনো ইংলিশ ক্লাবের স্কোয়াডে থাকছে না বাংলাদেশি এ তারকার নাম।

মাত্র ৮ বছর আগে আজারবাইজানের ফুটবলে আবির্ভাব হয় সাবাহ এফকে-র। সবশেষ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি আজারবাইজান কাপের চ্যাম্পিয়নও হয়েছে তারা। বর্তমানে দলটি ব্যস্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাই পর্বে। সবকিছু ঠিক থাকলে সাবাহকে দেখা যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগে। সে সঙ্গে হামজাকেও দেখা যাবে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ স্তরে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement