ছবি : সংগৃহীত
চলছে গ্রহের সবচেয়ে বড় ফুটবল আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬। এর মাঝেই সতীর্থদের কাছ থেকে দারুণ এক চমক পেলেন লিওনেল মেসি। বিশ্বকাপ মিশনের মাঝে জন্মদিনের এ চমক পান গ্রহের সেরা ফুটবলার। ৩৯ বছরে পা রাখা আর্জেন্টিনা অধিনায়ককে বিশ্বকাপ ক্যাম্পেই সারপ্রাইজ দিয়েছেন দলের বাকি ফুটবলাররা।
সতীর্থদের দেয়া এ ভালোবাসার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি মহাতারকা।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে মেসি এ সুন্দর মুহূর্তটি সবার সামনে তুলে ধরেন।
ছবিতে দেখা যায়, ‘৩৯’ লেখা একটি সুদৃশ্য কেক সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন আলবিসেলেস্তে অধিনায়ক। আর তাকে ঘিরে আছেন দলের কয়েকজন সতীর্থ।
ছবিটির ক্যাপশনে মেসি লিখেছেন, গত রাতটা দুর্দান্ত এক চমক দিয়ে শুরু হয়েছিল। সবাইকে অনেক ধন্যবাদ!
ক্যাম্পের এ ঘরোয়া উদযাপনে মেসির সঙ্গে যোগ দিয়েছিলেন তার দীর্ঘদিনের মাঠের সতীর্থ রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি ও নাহুয়েল মলিনা।
এছাড়া বিশ্বজয়ী কোচিং স্টাফের সদস্যরাও এ আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন।
সতীর্থদের এ চমকের কিছু সময় আগেই মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন, যা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মন ছুঁয়ে গেছে।
আরও পড়ুন<<>> স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আন্তোনেলা লিখেন, আমার জীবনের ভালোবাসাকে জন্মদিনের শুভেচ্ছা। আজ এবং আজীবন তুমি অনেক সুখে থাকো। তোমাকে আমাদের জীবনে পেয়ে আমরা সবকিছু পেয়ে গেছি। তোমাকে অনন্ত ভালোবাসা।
মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি দলের ভেতরের এ উৎসবমুখর পরিবেশ যেন মেসির বিশ্বকাপ মিশনকে আরও রঙিন করে তুলেছে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। আর্জেন্টিনাকে আরও একটি ঐতিহাসিক সাফল্যের চূড়ায় নিয়ে যেতে আবারও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এ খুদে জাদুকর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































