Apan Desh | আপন দেশ

ইলন মাস্কের চোখ এবার মহাকাশে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ২৪ মে ২০২৬

ইলন মাস্কের চোখ এবার মহাকাশে

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ঘিরে বিশ্বজুড়ে যখন প্রতিযোগিতা তীব্র হচ্ছে, তখন বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ছে। এ চাহিদা পূরণে নতুন পথ খুঁজছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তবে তার সাম্প্রতিক পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক বিশ্লেষণে বলা হয়েছে, পৃথিবীর সৌরবিদ্যুতের পরিবর্তে এখন তিনি মহাকাশভিত্তিক সৌরশক্তির দিকে ঝুঁকছেন।

একসময় বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুতের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন মাস্ক। তার প্রতিষ্ঠান টেসলা দীর্ঘদিন ধরেই ‘সোলার ইলেকট্রিক ইকোনমি’ গড়ার কথা বলে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তার আরেক প্রতিষ্ঠান এক্সএআই এআই ডেটা সেন্টার চালাতে প্রাকৃতিক গ্যাসচালিত টারবাইন ব্যবহার করছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এক্সএআই ইতোমধ্যে ডেটা সেন্টারের জন্য বিপুল পরিমাণ গ্যাস টারবাইন ব্যবহার করছে। এমনকি ভবিষ্যতে আরও প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলারের গ্যাসভিত্তিক বিদ্যুৎ সরঞ্জাম কেনার পরিকল্পনাও রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, মাস্ক কি ধীরে ধীরে সৌরবিদ্যুৎ থেকে সরে যাচ্ছেন?

মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেসএক্স সম্প্রতি এক নথিতে মহাকাশভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরেছে। সেখানে বলা হয়, পৃথিবীর তুলনায় মহাকাশে সৌরপ্যানেল থেকে পাঁচ গুণ বেশি শক্তি পাওয়া সম্ভব। কারণ মহাকাশে দিন–রাতের বাধা নেই, সূর্যের আলো সবসময় পাওয়া যায়।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করে সেখানেই এআই পরিচালনার চিন্তা করছেন মাস্ক। এতে পৃথিবীতে জমি, পরিবেশগত বাধা বা স্থানীয় বিরোধিতার মতো সমস্যাও অনেকটা কমে আসতে পারে।

আরও পড়ুন <<>> হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে যেসব সুবিধা পাবেন

তবে এ পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। মহাকাশে ডেটা সেন্টার পাঠানো, সেগুলোকে নিরাপদ রাখা এবং সেখানকার বিদ্যুৎ ব্যবস্থাপনা—সবই অত্যন্ত ব্যয়বহুল ও জটিল। পাশাপাশি মহাকাশে ব্যবহারের উপযোগী সৌরপ্যানেল তৈরি করাও বড় চ্যালেঞ্জ।

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে। বর্তমানে বিশ্বের ডেটা সেন্টারগুলো প্রায় ৪০ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। ভবিষ্যতে এ চাহিদা টেরাওয়াট পর্যায়ে পৌঁছাতে পারে।

এ কারণেই মাস্ক এখন দীর্ঘমেয়াদি সমাধান খুঁজছেন বলে মনে করা হচ্ছে। তবে সমালোচকদের মতে, পৃথিবীতে সৌরবিদ্যুতের এখনো বিশাল সম্ভাবনা রয়েছে। তাই মহাকাশনির্ভর প্রকল্পে অতিরিক্ত মনোযোগ দেয়ার আগে পৃথিবীর পরিচ্ছন্ন জ্বালানিতে আরও বিনিয়োগ করা উচিত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়