ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৫ আগস্ট) সকালে ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে তানভীরকে বগুড়ায় নেয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পুলিশ ও মামলার নথি অনুযায়ী, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগের পর তানভীর তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
সমালোচনার মুখে পরে পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন তানভীর। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন<<>>ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
এ ঘটনায় গত ০৩ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। মামলায় অভিযোগ করা হয়, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্নের পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
এর আগে ওই পোস্টের জেরে গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
উল্লেখ্য, গাজী সালাউদ্দীন তানভীরকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পরও তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল। পরে তিনি আবার দলে ফিরে আসেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































