Apan Desh | আপন দেশ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১২, ৬ মার্চ ২০২৬

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ছবি: আপন দেশ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সাবেক উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে দলটি।

শুক্রবার (০৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীতে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। পরে পল্টন ও বিজয় সরণী হয়ে কাকরাইল মোড়ে গিয়ে মিছিল শেষ হয়।

মিছিলের আগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা, ফলাফল প্রস্তুত এবং ফলাফল প্রকাশ—সব জায়গাতেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

আরও পড়ুন <<>> খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে জামায়াতের সই

রিজওয়ানা হাসানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ‘রাজসাক্ষী’ হিসেবে উল্লেখ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করে বিএনপিকে সার্ভিস দেয়ার উপহার হিসেবে সাবেক উপদেষ্টা খলিলুর রহমান মন্ত্রিত্ব পেয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে দলীয় লোক বসানোর মাধ্যমে অতীত রাজনীতির ধারা ফিরিয়ে আনছে বিএনপি। একই সঙ্গে আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোটের মাধ্যমে জনগণের রায়কে গুলি করার পায়তারা করছে সরকার। সমাবেশে সরকারের প্রতি জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয়ার আহবানও জানানো হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়