ছবি: আপন দেশ
বাংলাদেশ সফর শেষে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (২৪ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পাশাপাশি বাংলাদেশের মানুষের উদ্দেশে একটি আবেগঘন বিদায়ী বার্তাও দিয়েছেন প্রণয় ভার্মা। তিনি জানান, বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্ব পালন তার জীবনের অত্যন্ত সমৃদ্ধ ও স্মরণীয় অভিজ্ঞতা। তিনি ও তার স্ত্রী মনু এখানকার মানুষের কাছ থেকে যে আন্তরিকতা, বন্ধুত্ব ও ভালোবাসা পেয়েছেন, তা আজীবন মনে রাখবেন।
প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়। দুই দেশের মধ্যে রয়েছে অভিন্ন ইতিহাস, ভূগোল, ভাষা, সংস্কৃতি ও আবেগের বন্ধন। বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আত্মত্যাগ দুই দেশকে আরও গভীরভাবে যুক্ত করেছে।
তিনি উল্লেখ করেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ যেমন ভারতের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি একটি সমৃদ্ধ ভারতও বাংলাদেশের জন্য প্রয়োজনীয়। জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার মতো বিষয়গুলোতে দুই দেশের ঘনিষ্ঠ সমন্বয় ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি মনে করেন।
আরও পড়ুন <<>> জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, বর্তমান বাস্তবতায় ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও ভবিষ্যতমুখী ও বাস্তবভিত্তিক কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে নতুন সহযোগিতার পথ তৈরি করা প্রয়োজন।
বিদায়ী বার্তার শেষ অংশে তিনি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নানা উত্থান-পতনের মধ্যেও এ দেশের মানুষের ভালোবাসা ও আন্তরিকতা তাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আবারও কোনো না কোনোভাবে বাংলাদেশের সঙ্গে তাদের দেখা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































