ছবি: সংগৃহীত
দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। অধিবেশন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৮৭টি বিল পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সভাপতিত্বে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হয়।
পাস হওয়া বিলগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, বিভিন্ন খাতের সংস্কারমূলক আইন এবং রহিত হওয়া পুরোনো আইন যুগোপযোগী করে পুনঃপ্রণয়ন করা হয়েছে। বিশেষ করে আর্থিক খাত ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিলগুলো পাসে অগ্রাধিকার দেয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব দেন এবং সেটিও পাস হয়।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’ এবং ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়। এছাড়াও আরও কয়েকটি বিল গৃহীত হয়েছে।
আরও পড়ুন <<>> হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
সরকার জানিয়েছে, রাষ্ট্রের প্রশাসনিক ও আইনি কাঠামো আরও শক্তিশালী করতেই দ্রুত যাচাই-বাছাই শেষে এসব বিল সংসদে পাস করা হচ্ছে।
সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা আশা প্রকাশ করেছেন, ত্রয়োদশ সংসদের এ অধিবেশনে পাস হওয়া বিলগুলো দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































