ফাইল ছবি
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হরমুজ প্রণালি পাড়ি দিতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানের অনুমতি না পাওয়ায় জাহাজটিকে ঘুরিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যেতে নির্দেশনা দেয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান সরকারের কাছে প্রণালি অতিক্রমের অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। বিষয়টি সমাধানে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে।
জানা গেছে, বুধবার (০৮ এপ্রিল) সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় ‘বাংলার জয়যাত্রা’। শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রণালির কাছাকাছি পৌঁছালেও ইরান অনুমতি না দেয়ায় জাহাজটিকে নিরাপত্তার স্বার্থে শারজা বন্দরে ফিরে যেতে বলা হয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় অবস্থান করছে।
আরও পড়ুন <<>> ঢাকা থেকে সরিয়ে নিচ্ছে প্রণয় ভার্মাকে
বিএসসি জানায়, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত রয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে তাদের দৈনিক খাবার বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল জাহাজটি। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় ‘বাংলার জয়যাত্রা’।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































