ছবি: সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারি বিবৃতিতে বলা হয়, প্রণয় ভার্মা (আইএফএস: ১৯৯৪), বর্তমানে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এবং তিনি শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে ব্রাসেলসে নেয়ার উদ্যোগের কথা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে আলোচিত হচ্ছিল। গত ২৭ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির পর এ পদটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ চুক্তির মাধ্যমে পণ্য, সেবা ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ২০২৭ সালের শুরুর দিকে কার্যকর হতে পারে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এ মুক্ত বাণিজ্য চুক্তি ভবিষ্যত-উপযোগী বাণিজ্য কাঠামো তৈরি করবে এবং নতুন প্রজন্মের অর্থনৈতিক খাতগুলোকে সহায়তা করবে। বিশেষ করে প্রকৌশল ও উৎপাদন খাতে ৩০০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইউরোপের প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার বাড়ার ফলে ভারতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ইউরোপীয় সরবরাহ ব্যবস্থার সঙ্গে ভারতীয় উৎপাদকদের সংযুক্তি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং আঞ্চলিক শিল্প ক্লাস্টারগুলোর ওপরও এ চুক্তিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে দুই পক্ষের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১১.৫ লাখ কোটি রুপি (১৩৬.৫৪ বিলিয়ন ডলার)। একই সময়ে সেবা খাতে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৭.২ লাখ কোটি রুপি (৮৩.১০ বিলিয়ন ডলার)।
আরও পড়ুন <<>> বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
বিশ্ব অর্থনীতিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন যথাক্রমে চতুর্থ ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত। একসঙ্গে তারা বৈশ্বিক জিডিপির প্রায় ২৫ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।
উল্লেখ্য, প্রণয় ভার্মা বাংলাদেশে আসার আগে ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা এবং এর আগে হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন কূটনৈতিক দায়িত্বে ছিলেন।
যন্ত্রকৌশলে স্নাতক প্রণয় ভার্মা কর্মজীবনের শুরুতে টাটা স্টিলে কাজ করেন। পরে যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































