ছবি: আপন দেশ
আজ ১৩ আগস্ট (বৃহস্পতিবার), আন্তর্জাতিক বাঁহাতি দিবস। ডানহাতিদের দুনিয়ায় বাঁহাতি হওয়ার সুবিধা এবং অসুবিধাগুলো সম্পর্কে সচেতনতা বাড়াতেই প্রতি বছর এ দিনে দিবসটি পালন করা হয়। বাঁহাতি মানুষের স্বাতন্ত্র্য এবং পার্থক্য উদ্যাপনের পাশাপাশি প্রতিদিন যে সমস্যাগুলোর মুখোমুখি তাদের হতে হয়, সে বিষয়েও সচেতনতা তুলে ধরা হয়।
কর্মক্ষেত্রে বাঁহাতিদের অসুবিধা দূরীকরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে দিনটিকে ‘লেফট হ্যান্ডারস ইন্টারন্যাশনাল ডে বা আন্তর্জাতিক বাঁহাতি দিবস’ হিসেবে উদযাপন করা হয়। গবেষণায় দেখা গেছে, বাঁহাতিদের ডান পাশের মস্তিষ্ক বেশি ব্যবহৃত হয়। এজন্যই সাধারণত বাঁ-হাতিরা বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে।
পৃথিবীতে প্রায় ৯০ শতাংশ মানুষই ডানহাতি। আর মাত্র ১০ শতাংশ লোক বাঁহাতি। ডানহাতি মানুষের সংখ্যা বেশি হওয়ায় বাঁহাতিদের অনেকটাই অবমূল্যায়ন করা হয়। কম্পিউটারের মাউস থেকে শুরু করে আলমারির হাতল পর্যন্ত কোনো পণ্য প্রস্তুতের ক্ষেত্রেও তাদের কথা ভাবা হয় না। এসব জিনিস ডান হাতি ব্যবহারকারীদের উপযোগী করে তৈরি হয়। এই কারণে বিভিন্ন ক্ষেত্রে বাঁহাতিদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়।
এতোসব প্রতিবন্ধকতার পরও সাফল্যের ক্ষেত্রে বাঁহাতিরা কোনো অংশে পিছিয়ে নেই। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কর্মস্থল- সবক্ষেত্রে তারা কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আরও পড়ুন<<>>আন্তর্জাতিক যুব দিবস আজ
ক্রিস এমসি ম্যামস ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে প্রকাশিত ডানহাতি ও বাঁ-হাতিদের ওপর লেখা একটি বইতে উল্লেখ করা আছে, বাঁ-হাতিদের জীবনের সাফল্য, প্রাপ্তি বা কৃতিত্বপূর্ণ কাজ ডানহাতিদের তুলনায় ঈর্ষণীয়।
বলা হয়ে থাকে, তাদের আইকিউ বেশি এবং সংগীত ও গণিতে তাদের পারদর্শিতা ডানহাতিদের চেয়ে ভালো। কিন্তু আধুনিক সময়ে এসেও বাঁহাতিদের নিয়মিত বিভিন্ন সমস্যায় পড়তে হয়। নিত্যদিনের ব্যবহারের প্রায় সব সরঞ্জামই তৈরি করা হয় ডানহাতিদের ব্যবহার উপযোগী করে। এজন্য কম্পিউটার ব্যবহার, গাড়ি চালানো, দরজার লক খোলাসহ বিভিন্ন কাজে ঝামেলা পোহাতে হয় বৈকি।
বিশ্বে পুরুষ-নারী মিলিয়ে প্রায় দশ শতাংশ মানুষ বাঁহাতি। আর বিশ্বের বিখ্যাত মানুষের তালিকায় বাঁহাতিদের সংখ্যাটা নেহাত কম নয়।
বিখ্যাত বাঁহাতিদের মধ্যে রয়েছেন– বারাক ওবামা, বিল গেটস, মার্ক জাকারবার্গ, লেডি গাগা, জুলিয়া রবার্টস, জুডি গারল্যান্ড, হুপি গোল্ডবার্গ, ওপেরাহ উইনফ্রে, মারিয়া কুরি, আলবার্ট আইনস্টাইন, হেলেন কেলার, লিউনার্দো দ্য ভিঞ্চি, অ্যারিস্টটল।
বিস্ময়কর ক্রীড়াবিদ ম্যারাডোনা, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, যুবরাজ সিং, সাকিব আল হাসানের মতো তারকারাও বাঁহাতিদের দলে রয়েছেন।
আপন দেশ/জেডআই





































