Apan Desh | আপন দেশ

ইরানের পাল্টা হামলায় আরও এক মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৫, ২০ জুলাই ২০২৬

ইরানের পাল্টা হামলায় আরও এক মার্কিন সেনা নিহত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন বাহিনীর পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। টানা অষ্টম রাতের মতো মার্কিন বিমান হামলায় ইরানের নির্মাণাধীন একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে ইরানের ছোড়া একটি অবিস্ফোরিত ড্রোন নিষ্ক্রিয় করার সময় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছেন। এ সময় আরও এক সেনা আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় এক সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ১৮ জুলাই ওই সেনা নিহত হন। এ সময় ড্রোনটি বিস্ফোরিত হলে আরও এক সেনা আহত হন। তবে নিহত সেনার নাম-পরিচয় জানানো হয়নি।

এদিকে টানা অষ্টম রাতের মতো মার্কিন বিমান হামলায় ইরানের নির্মাণাধীন একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে ইরানি বাহিনীর সক্ষমতা কমানো এবং মার্কিন সেনা ঘাঁটিতে হামলার জবাব হিসেবে এ হামলা চালানোর কথা জানানো হয়। 

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে, অন্যদিকে ইরান এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে।

এর জবাবে তেহরানও থেমে থাকেনি। মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে কুয়েতসহ প্রতিবেশী বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি বাহিনী। একই সাথে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের একটি চরম ও বিপর্যয়কর জবাব দেয়া হবে। 

আরও পড়ুন<<>>বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কতা

সংঘাতের জেরে গত জুনে যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। তাদের দাবি, ওয়াশিংটন স্মারকের শর্তগুলো অমান্য করেছে। তবে এ সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইরানের সমঝোতা স্থগিতের সিদ্ধান্তে তাদের কিছু যায় আসে না। মূলত হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলের নিয়ম ভঙ্গ করা এবং রুট পরিবর্তন নিয়েই নতুন করে উভয় দেশের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ জারি রেখেছে ইরান। সতর্কবার্তা না মেনে নির্ধারিত পথের বাইরে জাহাজ চলাচলের চেষ্টা করায় কয়েকটি নৌযান দুর্ঘটনার শিকার হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেয়াই তাদের মূল লক্ষ্য। 

পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যের সংকট আরও দীর্ঘায়িত ও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement