স্বর্ণের অলঙ্কার
মূল্য বৃদ্ধির পাঁচ দিনের মাথায় কমানো হলো স্বর্ণের দাম। প্রতি ভরিতে দুই হাজার ২৫৮ টাকা কমিয়ে মূল্যবান এ ধাতুন নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (০৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর ঘোষণা দেয় সংগঠনটি।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয়ভাবে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এ সমন্বয় করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম ভরিতে দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় বিক্রি হবে।
আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু
এর আগে, ৩০ এপ্রিল সন্ধ্যায় বাজুস সর্বশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। অর্থাৎ, কয়েক দিনের ব্যবধানে আগের সেই বৃদ্ধির সমপরিমাণই কমানো হলো।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬১ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ দফা বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বাড়ানো ও ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনও পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে পাঁচ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট পাঁচ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের চার হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা তিন হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।
রুপার ক্ষেত্রেও চলতি বছরে একাধিকবার মূল্য সমন্বয় করা হয়েছে। এখন পর্যন্ত ৩৬ দফা সমন্বয়ের মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং তিন বার হ্রাস পায়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































