ছবি: আপন দেশ
খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেন থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
নিহত নগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া ৮ নম্বর গলির আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় সন্ত্রাসী ‘পলাশ গ্রুপ’-এর সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার খাদিমুল উলুম মাদরাসার সামনে ‘ধস্তাধস্তি’ ও ‘ছুরিকাঘাতের’ ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেলে থাকা দুজন পড়ে যান। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসেন।
সূত্র আরো জানায়, তুষার আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তার পিঠে গুলি লাগে এবং মোটরসাইকেলসহ সড়কে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন<<>>সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
খবর পেয়ে খুলনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ কিংবা হামলাকারীদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকায় খাদিমুল উলুম মাদরাসার সামনে রক্তের দাগ দেখা গেছে।
খুলনা থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি অস্ত্র আইনের মামলা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































