অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মন্ত্রী নিহত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মন্ত্রী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনায় আহত ব্যক্তিকে দেখতে যান। এ সময় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে। ইতোমধ্যে মালিক পক্ষ ১০ লাখ টাকা করে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন<<>>সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষক্রিয়া, মৃত্যু বেড়ে ৮
ঘটনাস্থলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনীও কাজ করছে।
সীতাকুণ্ডের শিপইয়ার্ডের এ দুর্ঘটনার আন্তর্জাতিক প্রভাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই গ্রিন ইয়ার্ডের কমপ্লায়েন্সের বিষয়ে জোর দেয়া হচ্ছে। গ্রিন ইয়ার্ডের গ্রেডিং সরকার করে না। এটি হংকং কনভেনশনের নির্ধারিত নীতিমালা অনুযায়ী করা হয়। ওই নীতিমালা পূরণ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে গ্রিন ইয়ার্ডের সনদ দেয়া হয়।
অর্থমন্ত্রী বলেন, গ্রিন ইয়ার্ডের যে হংকং কনভেনশনের পক্ষ থেকে দেয়া হয়েছে, আমাদের সরকার হিসেবে যেটা দায়িত্ব-তাদের কোনো কমপ্লায়েন্সের অভাব ছিল কি না, সেটি দেখা।
এ সময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে একে একে আটজন মারা যান। আহতদের চমেক হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সীতাকুণ্ডের ভাটিয়ারীর সানী জলদাশ (২২), পলাশ জলদাশ (২৭), মুনছুর আলী (৪০), নাসির উদ্দিন (৩৮) এবং জামালপুরের হাবীবুর রহমান, গাইবান্ধার খোকন এবং আব্দুল আমীল রানা।
এদিকে এ ঘটনায় জাহাজভাঙা শিল্পের সংগঠন বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন জানিয়েছেন, ঘটনা তদন্তে তারা পাঁচ সদস্য বিশিষ্ট টিম ঘটনা করেছে।
ইয়ার্ড মালিক ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসা ও নিহতের পরিবারকে সরকারি বিধি ছাড়াও সার্বিক সহযোগিতা ও ক্ষতিপূরণ দেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































