ছবি: আপন দেশ
পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বাংলাদেশ ও ভারতের সীমান্তজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন রাজ্যের বাংলাভাষা জানা মানুষদের পুশইনের চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে এক বৃদ্ধকে বিএসএফের ঠেলে দেয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। একপর্যায়ে দুই দেশের নাগরিকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার রামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালের দিকে এক বৃদ্ধকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ওই ব্যক্তিকে শূন্যরেখায় ফেলে রেখে যায় বিএসএফ।
পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এ নিয়ে দিনভর উত্তেজনার মধ্যে বিকেল ৫টার দিকে কাঁটাতারের দুই প্রান্তে দুই দেশের নাগরিকরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে কারাবন্দীদের বিশ্বকাপ দেখার ব্যবস্থা করলেন ডিসি
স্থানীয় বাসিন্দা আসিফ মিয়া বলেন, আমাদের দেখে ভারতীয়রা ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। তারা আমাদের ধাওয়া দেয়ার চেষ্টা করলে আমরা তাদের ধাওয়া দেই। পরে তারা পালিয়ে যায়।
ইব্রাহিম নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, ওরা চেন্নাইয়ের লোক আমাদের দেশে পাঠানোর চেষ্টা করছে। এটা কোনোভাবেই হতে দেব না। আমরা বিজিবির সঙ্গেই আছি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের প্রত্যেকটি নাগরিককে সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করছি। দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের বিজিবিকে সহযোগিতা করার জন্য আহবান জানাচ্ছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































