Apan Desh | আপন দেশ

বোদায় তেল মজুতের দায়ে কারাগারে ২

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৬, ১৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:৫১, ১৭ এপ্রিল ২০২৬

বোদায় তেল মজুতের দায়ে কারাগারে ২

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার পাঁচপীর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচপীর ইউনিয়নের বৈরাতী গ্রামের নুরনবী ইসলাম। তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বগুড়াপাড়া গ্রামের কাবুলকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া একই এলাকার আশরাফুল ইসলামকে দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা বাসাবাড়িতে ৩০০ লিটারের বেশি জ্বালানি তেল মজুত করে উচ্চমূল্যে বিক্রি করছিলেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয় এবং ভোক্তারা ক্ষতির মুখে পড়েন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে তিনটি ড্রাম, ছোট-বড় চারটি জারকিন, ৩০০ লিটারের বেশি পেট্রোল এবং তেল সংরক্ষণ ও সরবরাহের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১)(ক) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। জব্দ করা তেল বাজেয়াপ্ত করা হয়েছে। পরে তা উপজেলা পরিষদ চত্বরে সরকারি দামে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।

আরও পড়ুন <<>> সেতু নির্মাণে সমীক্ষা সভা: স্বপ্ন পূরণের হাতছানি

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। বিক্রির উদ্দেশে মজুত রাখার দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড এবং অন্যদের কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরও জানান, একজনকে আটক করে থানায় হেফাজতে নেয়া হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনস্বার্থে অবৈধ মজুত প্রতিরোধ এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়