ইরানে ৬৯ গুপ্তচর গ্রেফতার
ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলো প্রদেশজুড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার তথ্য সংগ্রহ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া ২০টি স্যাটেলাইট ইন্টারনেট রিসিভার উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব যন্ত্র বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাঠাতে ব্যবহার করা হতো।
১২:৪১ এএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার