Apan Desh | আপন দেশ

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৭, ৮ জুলাই ২০২৬

আপডেট: ০০:২০, ৮ জুলাই ২০২৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

শেষ বাঁশি বাজল যোগ করা সময়ের ১২তম মিনিটে। ততক্ষণে লেখা হয়ে গেছে বিশ্বকাপের অন্যতম নাটকীয় প্রত্যাবর্তনের গল্প। দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শেষ বাঁশির পর আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। সতীর্থদের আলিঙ্গনে ভেঙে পড়েন তিনি। দর্শকদের দিকে তাকিয়েও চোখের জল লুকাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ৭৯তম মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তখন বিশ্বকাপ থেকে বিদায়ের প্রহর গুনছিল আলবিসেলেস্তেরা। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় পুরো ম্যাচের চিত্র।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল মিশর। ১৫তম মিনিটে শর্ট কর্নার থেকে আতিয়ার ক্রসে শক্তিশালী হেডে গোল করে দলকে এগিয়ে দেন ইয়াসের ইব্রাহিম।

২০তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। এনসো ফার্নান্দেসের পাস ধরে বক্সে ঢুকে ফাউলের শিকার হন নিকোলাস তাগলিয়াফিকো। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে লিওনেল মেসির স্পট কিক দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের।

এরপরও আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। ২৮তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শক্তিশালী হেড এবং ৩৯তম মিনিটে হুলিয়ান আলভারেজের নিচু শটও অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন শোবের। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর।

বিরতির পর ব্যবধান আরও বাড়ায় আফ্রিকার দলটি। ৫৭তম মিনিটে মোস্তফা জিকোর একটি গোল ভিএআরের সহায়তায় ফাউলের কারণে বাতিল হয়। তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৭তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে গোল করেন জিকো। আক্রমণের সূচনা করেন মোহাম্মদ সালাহ। ডান প্রান্তে বল পেয়ে হাইসেম হাসান নিচু ক্রসে বল বাড়িয়ে দেন জিকোর কাছে। কোনো মার্কিং ছাড়াই সহজ শটে বল জালে জড়ান তিনি। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর।

আরও পড়ুন <<>> মিশরের গোল খেয়ে বিরতিতে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি আর্জেন্টিনা। ৭৯তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমান। মাত্র চার মিনিট পর দুর্দান্ত এক শটে সমতাসূচক গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। তার গোলে ২-২ সমতায় ফেরে আর্জেন্টিনা। ম্যাচে ফিরে আসে নতুন উত্তেজনা।

নির্ধারিত সময়ের পর যোগ করা অতিরিক্ত সময়ের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় দুই দল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাওতারো মার্তিনেজের ক্রসে এনজো ফার্নান্দেজের হেড করে দেয় বাকি কাজটা। ৩–২ গোলে জিতে আর্জেন্টিনা উঠে গেল কোয়ার্টার ফাইনালে, মেসিও বিশ্বমঞ্চে টিকে থাকলেন আরও কিছুটা সময়। শেষ পর্যন্ত নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়