ছবি: সংগৃহীত
বর্তমানে স্মার্টফোন আমাদের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ছবি তোলা, ভিডিও কল, অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে নানা কাজেই ফোন ব্যবহার করা হয়। তবে প্রযুক্তির এ সুবিধার পাশাপাশি বেড়েছে সাইবার ঝুঁকিও।
বিশেষজ্ঞদের মতে, হ্যাকাররা অনেক সময় ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের মাধ্যমে ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণে নিয়ে ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাতে পারে। পরে সে ছবি বা ভিডিও ব্ল্যাকমেইল, পরিচয় চুরি কিংবা অন্যান্য অপরাধমূলক কাজে ব্যবহার হওয়ার আশঙ্কা থাকে।
যেভাবে ফোনের ক্যামেরা হ্যাক হতে পারে: সাইবার অপরাধীরা সাধারণত ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করে স্মার্টফোনে প্রবেশ করে। অনেক সময় ব্যবহারকারীরা না বুঝেই কোনো অ্যাপ ইনস্টলের সময় ক্যামেরা, মাইক্রোফোন বা স্টোরেজ ব্যবহারের অনুমতি দিয়ে দেন। এরপর সে অ্যাপ গোপনে ছবি বা ভিডিও ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে হ্যাকারদের কাছে পাঠাতে পারে।
দূর থেকে নজরদারি কি সম্ভব?
বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, ফোনে যদি স্পাইওয়্যার বা ম্যালওয়্যার ঢুকে পড়ে। সেটি ক্যামেরা ব্যবহারের অনুমতি পেয়ে যায়, তাহলে দূর থেকে নজরদারির ঝুঁকি তৈরি হতে পারে। তবে কোনো অনুমতি বা ক্ষতিকর সফটওয়্যার ছাড়া সরাসরি ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
যেসব লক্ষণে সতর্ক হবেন
ফোনের ক্যামেরা গোপনে চালু থাকলে কিছু অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। যেমন—
* ফোন ব্যবহার না করলেও ক্যামেরার ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠা
* ক্যামেরা অ্যাপ নিজে থেকেই চালু বা বন্ধ হয়ে যাওয়া
* গ্যালারিতে অপরিচিত ছবি বা ভিডিও দেখা যাওয়া
* ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা দ্রুত চার্জ শেষ হওয়া
* অস্বাভাবিকভাবে মোবাইল ডেটা খরচ বেড়ে যাওয়া
নিরাপদ থাকতে যা করবেন
সাইবার ঝুঁকি এড়াতে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। যেমন—
* অপরিচিত বা সন্দেহজনক অ্যাপ ইনস্টল না করা
* নিয়মিত ফোন ও অ্যাপ আপডেট রাখা
* অ্যাপের ক্যামেরা ও মাইক্রোফোন অনুমতি যাচাই করা
* প্রয়োজন ছাড়া অ্যাপকে অতিরিক্ত অনুমতি না দেওয়া
* বিশ্বস্ত অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি অ্যাপ ব্যবহার করা
বিশেষজ্ঞরা বলছেন, সচেতন ব্যবহারই স্মার্টফোনকে সাইবার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































