Apan Desh | আপন দেশ

সরকার ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২২, ১৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৫:৩৭, ১৭ আগস্ট ২০২৬

সরকার ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে: রিজভী

ছবি : আপন দেশ

একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশ গড়ার কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ।

বিগত সরকারের আমলের নৈরাজ্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বিগত সরকারের রেখে যাওয়া লিগ্যাসি রাতারাতি পুনর্গঠন করা সম্ভব নয়।

বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেল। একটার পর একটা ব্যাংক লোপাট হয়ে গেল। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি হয়েছে। আমরা রূপকথার যেসব গল্প শুনেছি, বিগত আমলে সেগুলোই ছিল অত্যন্ত বাস্তব ও সত্য।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে তার কোনো ইয়ত্তা ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিচারবহির্ভূত হত্যা লেগেই ছিল। সরকারের ভিন্নমত পোষণ করলেই খাল, নদী বা পুকুরধারে প্রতিদিন মরদেহ পাওয়া যেত। একজন সাবেক এমপিকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ নৈরাজ্যের ঘন অন্ধকারের মধ্যে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে আমরা ৫ আগস্টের পরিবর্তন পেয়েছি।

এসময় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন থেকেই তিনি তার কর্মযজ্ঞ শুরু করেছেন।

আরও পড়ুন : বিএনপি সরকারের ৬ মাস: সাফল্যের চিত্র

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত রেখেছেন। দুর্যোগ ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা অতিক্রম করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য-প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা চলছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement