ফাইল ছবি, আপন দেশ
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত ও নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ১১ দলীয় জোটের অন্য ১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নি কর্মকর্তা মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত জানান।
মঈন উদ্দীন খান জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অযোগ্যতা সংক্রান্ত ধারা অনুযায়ী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
আরপিওর ১২(১)(চ) ধারা অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেয়ার তিন বছর পার না হলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন।
জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ পান। নিয়োগের পর তিনি ১১ নভেম্বর প্রথমে ব্যাংকের কুষ্টিয়া শাখায় যোগ দেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়াম লীগ সরকারের পতনের পর বদলি হয়ে রাজধানীর কারওয়ান বাজার করপোরেট কার্যালয়ে আসেন। সেখানে কর্মরত থাকা অবস্থায়ই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় পড়েন।
সর্বশেষ গত বছর ডিসেম্বরে কৃষি ব্যাংক থেকে চাকরি ছেড়েছেন মনিরা শারমিন। তার ফেসবুক প্রোফাইলে ১১ নভেম্বর ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কৃষি ব্যাংকের অফিসার হিসেবে চাকরি করার তথ্য আছে।
আরও পড়ুন<<>>ভুল তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
অন্যদিকে নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিরোধীদলীয় জোট আসন পাচ্ছে ১৩টি। এর মধ্যে জামায়াতের আটজন, এনসিপির দুজন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন, জাগপা থেকে একজন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইবরাহিমের মা রোকেয়া বেগম।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































