ছবি: আপন দেশ
অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর কাছে সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ ক্ষেত্রে তিনি একটি কার্যকর রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ সহযোগিতা চান।
এ সময় বাংলাদেশে ইউনেস্কোর চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত জানান ড. সুসান ভাইজ। তিনি গণমাধ্যম, সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা তুলে ধরেন।
ইউনেস্কোর প্রতিনিধি জানান, বর্তমানে অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং বা তথ্য যাচাইয়ের ওপর ইউনেস্কো বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
আরও পড়ুন<<>>শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবি প্রশাসন ব্যর্থ: ছাত্রদল
ইউনেস্কোর এ উদ্যোগকে স্বাগত জানান তথ্যমন্ত্রী স্বপন। তিনি বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।
তথ্যমন্ত্রী ইউনেস্কোর অভিজ্ঞতা ও দক্ষতাকে প্রযুক্তির এ যুগে তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে কাজে লাগানোর আহবান জানান।
এ বিষয়ে ইউনেস্কো প্রতিনিধিও সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































